হুগলি জেলার ফুরফুরা শরীফে অবস্থিত আল আমিন শিক্ষা কেন্দ্রে কবি জীবনানন্দ দাশের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার এক বর্ণাঢ্য ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতি পুরস্কার প্রদান কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কবির স্মৃতির উদ্দেশ্যে বিশেষ সম্মাননা প্রদান করা হয় শিক্ষা কেন্দ্রের সভাপতি ড. অপূর্বকুমার বিশ্বাসকে। একই সঙ্গে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চাও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ—এই ভাবনা থেকেই এমন আয়োজন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদ্যালয়ের কর্ণধার ও বিশিষ্ট লেখক নাসের আব্বাসী। এদিন মোট পাঁচজনকে “কবি জীবনানন্দ স্মৃতি পুরস্কার” প্রদান করা হয়।
শিশুদের আনন্দ দিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ম্যাজিশিয়ান মধুসূদন জানা, যিনি ম্যাজিক প্রদর্শন করে সকলকে মুগ্ধ করেন। এছাড়া অল বেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্নাকে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোল্লা আবেদিন, গায়ক শিবশঙ্কর জানা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা সুন্দরভাবে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন।


