ডানকুনি,সেখ জাবিহুল্লাহ: বিশ্ব নারীদিবসকে সামনে রেখে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিল পরিবেশপ্রেমী সংগঠন সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড। সংগঠনের উদ্যোগে ডানকুনি থানা প্রাঙ্গণে আয়োজিত হয় “সবুজ সম্মান” প্রদান অনুষ্ঠান। ৮ই মার্চ সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে পরিবেশ রক্ষা ও সমাজসেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বহু মানুষকে সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে ডানকুনি থানার অন্তর্গত ২১ জন বৃক্ষপ্রেমী মানুষকে ‘সবুজ সম্মান’-এ ভূষিত করা হয়। দীর্ঘদিন ধরে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের কাজে তাঁদের নিরলস প্রচেষ্টাকে কৃতজ্ঞতার সঙ্গে স্বীকৃতি জানাতে এই সম্মান প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই মানুষগুলো নিঃশব্দে পরিবেশ রক্ষার কাজে নিজেদের নিয়োজিত রেখেছেন এবং তাঁদের এই উদ্যোগ সমাজের অন্যান্য মানুষকেও অনুপ্রাণিত করবে।
এর পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বশীল ও প্রশংসনীয় কাজের জন্য ডানকুনি থানায় কর্মরত ১৪ জন মহিলা পুলিশকেও বিশেষভাবে সম্মান জানানো হয়। আইনশৃঙ্খলা রক্ষা এবং সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁদের নিষ্ঠা ও সাহসিকতার ভূয়সী প্রশংসা করা হয় অনুষ্ঠানে। এছাড়াও একজন চিকিৎসক এবং একজন শিক্ষককে তাঁদের নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়।
এই সম্মাননা তুলে দেন সংগঠনের নারীশক্তি ওমেন্স গ্রীন জোন-এর সদস্যরা। তাঁদের হাতেই সম্মানিত ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক, উত্তরীয় ও শুভেচ্ছা বার্তা। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয় বাসিন্দারা নারীশক্তির এই উদ্যোগকে সাধুবাদ জানান। তাঁরা বলেন, নারীশক্তির নেতৃত্বে এমন ইতিবাচক সামাজিক উদ্যোগ সমাজে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা দত্ত, জেস্মিতা চ্যাটার্জি সহ ওমেন্স গ্রীন জোনের সদস্যরা। তাঁরা সকলকে পরিবেশ রক্ষায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এই ধরনের কর্মসূচি আয়োজনের কথাও জানান।
সংগঠনের পক্ষ থেকে সেখ মাবুদ আলী বলেন, “সমাজ ও পরিবেশ রক্ষার কাজে যাঁরা নীরবে অবদান রেখে চলেছেন, তাঁদের সম্মান জানানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। আমরা বিশ্বাস করি, এই ধরনের সম্মাননা মানুষকে আরও উৎসাহিত করবে এবং পরিবেশ রক্ষার কাজে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।”
নারীশক্তির নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচি শুধু নারীদিবসের তাৎপর্যকেই তুলে ধরেনি, পাশাপাশি পরিবেশ রক্ষার গুরুত্বও নতুন করে সকলের সামনে তুলে ধরেছে। আয়োজকদের আশা, ভবিষ্যতেও এমন উদ্যোগ সমাজে সবুজ সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং একটি সুন্দর ও সবুজ পৃথিবী গড়ার পথে মানুষকে আরও উৎসাহিত করবে।

.jpeg)
.jpeg)

.jpeg)